লিচু পাড়া নিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদীতে গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে ‘কিশোর গ্যাং’-এর হামলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূসহ সাতজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে কয়েক দফায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আহতরা হলেন- মানিকনগর গ্রামের মো. মুসা মুনসি, তার ছেলে মো. সোহাগ উদ্দিন, সোহাগ উদ্দিনের স্ত্রী মোছা. মিম খাতুন, মো. চাঁদআলী মুনসি, হৃদয় হোসেন, সিয়াম মুনসি ও মিনারুল মুনসি। লিখিত অভিযোগে বলা হয়েছে, মানিকনগর গ্রামের একটি লিচুবাগানে সব লিচু সংগ্রহ করার পর গাছে থাকা কিছু অবশিষ্ট লিচু

পাড়তে যান স্থানীয় রাব্বি সরদার, সাকিব, রিফাত ও আশিকসহ কয়েকজন যুবক। এ সময় চাঁদআলী মুনসি তাদের গাছের ডাল না ভাঙার অনুরোধ করলে তারা তার সঙ্গে খারাপ আচরণ করেন। এতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অভিযোগে আরও বলা হয়, কিছুক্ষণ পর রাব্বি সরদারের নেতৃত্বে প্রায় ৩০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে এসে চাঁদ আলীকে খুঁজতে থাকে। এ সময় সেখানে উপস্থিত চাঁদআলীর চাচাতো ভাই সোহাগ উদ্দিন ও তার মা সালেহা বেগম তাদের চলে যেতে বললে আবারো বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মারধর করা হলে সোহাগ উদ্দিনের অন্য চাচাতো ভাইয়েরা এগিয়ে আসেন। তখন হামলাকারীরা তাদের এবং সোহাগ উদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী মিম খাতুনকে পিটিয়ে আহত করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা প্রায়ই গ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এবং বিভিন্ন ব্যক্তিকে মারধর করে। তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন