শাহরাস্তিতে বৃদ্ধা মা’কে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে আটক

ফন্ট সাইজ:

চাঁদপুরের শাহরাস্তিতে বৃদ্ধা মা’কে ভরণ-পোষণ না দেয়া, মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার শাহরাস্তি মডেল থানা পুলিশ উপজেলার সূচীপাড়া উত্তর ইউপি’র চেড়িয়ারা গ্রামের (পাটোয়ারী বাড়ি) অভিযুক্ত ইমাম আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) কে আটক করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম (৬০) থানায় পুত্রের বিরুদ্ধে দায়ের করা এজাহারে অভিযোগ করেন, তার বড় ছেলে আবু ইউছুফ দীর্ঘদিন ধরে তার (রোকেয়া) মায়ের ভরণ-পোষণ, চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব পালন না করে উল্টো বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিল। টাকা দিতে মা অস্বীকৃতি জানালে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২রা জুন সকাল সাড়ে ১১টার দিকে আবু ইউছুফ মাকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তিনি রোকেয়া বেগম (মা) কে এলোপাতাড়ি মারধর করে আহত করেন এবং একপর্যায়ে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। তার চিৎকার শুনে মেয়ে হাওয়া বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে অভিযুক্ত ঘরের দরজা-জানালা, শোকেস ও আলমারি ভাঙচুর করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে এবং প্রাণনাশের হুমকি দেন। এর পর আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় রোকেয়া বেগমের অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ৫ ধারাসহ দণ্ডবিধির ৩২৩, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা (এফআইআর নং-১২/২০২৬) দায়ের করা হয়। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ ও নিরাপত্তা নিশ্চিত করা সন্তানের আইনগত দায়িত্ব।

অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের ঘটনায় পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। স্থানীয়দের ভাষ্য, ধর্মীয় পরিচয়ে সমাজে পরিচিত হলেও মায়ের প্রতি এমন আচরণ এলাকাবাসীকে হতবাক করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন