কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইশা মনি (৮) নামে এক শিশুর মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। গতকাল উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদের তীর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত রাইশা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে সমবয়সী শিশুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইশা। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।
পরে স্থানীয়দের খবর দেয়া হলে রাতভর খোঁজাখুঁজি চালানো হয়। খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে এবং ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় নদীতে অনুসন্ধান চালালেও শিশুটির কোনো সন্ধান পায়নি। নিখোঁজের পরদিন উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ডুবুরিদল ফিরে যায়। স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও ডুবুরিদলের সঙ্গে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
