নাটোরের লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলো-উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), মো. মোতাকাব্বির (২০) ও মো. টুটুল প্রামাণিক (৫০)। থানা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ২টার দিকে পুলিশ উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। এ বিষয়ে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, অভিযুক্তরা একাধিক মোবাইলে নারীদের অশ্লীল ভিডিও সংরক্ষণ করে রাখতো। পরে অন্য একটি মোবাইলের পেছনের ক্যামেরায় সেই ভিডিও প্রদর্শন ও কণ্ঠ পরিবর্তনকারী হেডফোন ব্যবহার করে মেয়েলি কণ্ঠের ছদ্মবেশ ধারণ করতো। এভাবে দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তির সঙ্গে নারীর পরিচয়ে সম্পর্ক স্থাপন করে অর্থ হাতিয়ে নিতো তারা। এ ছাড়া কথোপকথনের সময় বিভিন্ন ক্লোন অ্যাপ ব্যবহার করে ভুক্তভোগীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতো চক্রটি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
