মাদারীপুরে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, আটক ৫

ফন্ট সাইজ:

মাদারীপুর সদর থানায় আনা ২ আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে মাদারীপুর শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে শহরের বাদামতলা এলাকার সবুজ ও নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, সবুজ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফকে আটকের কারণ জানতে চাইলে স্থানীয় কয়েকজন তার বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ আটক দু’জনকে সদর থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের থানায় নেয়ার সময় ও পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) এবং সাহেব বেপারী (১৭)। তাদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়।

এদিকে আটক ২ ব্যক্তিকে ছাড়িয়ে নেয়ার উদ্দেশ্যে তাদের স্বজন ও সমর্থকদের একটি অংশ সদর থানার সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আরও ৫ জনকে আটক করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন