বর্তমানে তথ্যপ্রযুক্তির এই যুগে যখন আকাশ সংস্কৃতি ও সোশ্যাল মিডিয়ার স্রোতে টেলিভিশন মাধ্যম এক বড় চ্যালেঞ্জের মুখে, তখন ব্যতিক্রমী এক বাতিঘর হিসেবে দাঁড়িয়ে আছে হানিফ সংকেতের ইত্যাদি। ইত্যাদি বাংলাদেশের সমাজ বাস্তবতার ও শেকড় সন্ধানের এক জীবন্ত দলিল। এবারের ইত্যাদি ধারণ করা হয়েছে রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে ‘রামনগর হাইস্কুল’ মাঠে। এবারের ইত্যাদি দেখলে যেকোনো দর্শকেরই নরসিংদী জেলা সম্পর্কে ধারণা হয়ে যাবে। অত্যন্ত গতিশীল, রুচিশীল চার দশক ছুঁই ছুঁই এই অনুষ্ঠানে নরসিংদী পর্বটিও ছিল অত্যন্ত তথ্যসমৃদ্ধ, শিক্ষণীয় ও বিনোদনমূলক। নরসিংদীর কীর্তিমান স্মরণীয় ব্যক্তিত্ব প্রখ্যাত ভাষাবিদ, সাহিত্যিক, অনুবাদক এবং পবিত্র কোরআন শরীফের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন, শহীদ আসাদ- যার নামে আসাদ গেট, আসাদ এভিনিউর নামকরণ করা হয়েছে, মুক্তিযুদ্ধে শহীদ সাতজন বীরশ্রেষ্ঠের একজন শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ওপর নির্মিত হয়েছে তিনটি চমৎকার প্রামাণ্য চিত্র-যার মাধ্যমে এই প্রজন্ম এইসব ব্যক্তিত্বদের সম্পর্কে জানতে পেরেছে। তাছাড়া মাটির গভীরে থাকা আড়াই হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী-বটেশ্বর, নরসিংদীর তাঁতশিল্প এবং দেশের সবচাইতে বড় পাইকারি তাঁতবস্ত্র বিপণন কেন্দ্র বাবুরহাট সম্পর্কে ছিল তথ্যবহুল প্রতিবেদন। এ ছাড়াও জিআই পণ্য হিসেবে খ্যাত নরসিংদীর অমৃতসাগর কলা এবং লটকন এবং ব্যতিক্রমী কলম্বো লেবু নিয়েও একটি প্রতিবেদন ছিল। এইসব ফল নরসিংদী জেলা ছাড়া অন্য কোথাও তেমন একটা দেখা যায় না।
কারণ নরসিংদীর মাটি ও আবহাওয়া এইসব ফল উৎপাদনের সহায়ক। চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ি এলাকায় ত্রিপুরা জনগোষ্ঠীর ৩০ বছরের পানি কষ্ট লাঘবের জন্য ইত্যাদি স্থাপন করেছে সৌরবিদ্যুৎচালিত একটি গভীর নলকূপ। এটি ইত্যাদির একটি প্রশংসনীয় উদ্যোগ। সামাজিক অবক্ষয় ও বিভিন্ন অসঙ্গতি নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর নির্মিত নাট্যাংশগুলো ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও তীব্র কটাক্ষপূর্ণ। যেমন আজকাল হঠাৎ গজিয়ে ওঠা সেলিব্রেটির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। এইসব তথাকথিত সেলিব্রেটিদের বডিগার্ড নিয়ে চলাফেরা করতে দেখা যায়। অথচ সত্যিকারের যারা সেলিব্রেটি তারা বডিগার্ড ছাড়াই চলাফেরা করেন বা বাজার হাটও করেন। এই বিষয়টি সময়োপযোগী ও মিডিয়ার কিছু মানুষের জন্য শিক্ষণীয়। আবার কিছু কিছু সেলিব্রেটি নামধারী শিল্পী এবং মডেল আছেন যারা চুল কাটার দোকান, কাপড়ের দোকান, রেস্তরাঁ থেকে শুরু করে যেকোনো দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পান। ইত্যাদিতে এইসব ব্র্যান্ডবিহীন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের কটাক্ষ করে নির্মাণ করা হয়েছে ‘ভ্যান অ্যাম্বাসেডর’। অর্থাৎ ভ্যানগাড়িতে করে যারা কাপড় বিক্রি করেন তাদেরও অ্যাম্বাসেডর রয়েছে। অসাধারণ লেগেছে একজন সন্ত্রাসীরূপী এলাকার বড় ভাই কাউকে ছোট ভাই হিসেবে বরণ করে নেয়ার পর্বটি। ভাঙতির অভাবে মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে সেমিনার, চাকরি প্রার্থীর চাকরির সাক্ষাৎকার দেয়ার শুরুতে নিয়োগকর্তার দুর্নীতির ইতিবৃত্ত জানার চেষ্টা, মেকআপ ছাড়া সুন্দরী নির্বাচন ও পচা সুন্দরীর পর্ব। জনগণের সংজ্ঞা আর চাঁদের কলঙ্ক নিয়ে গ্রামের তিন কৃষকের ভাবনার বিষয়টি ছিল অত্যন্ত উপভোগ্য ও বক্তব্যধর্মী। ইত্যাদিতে এবার গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইমন চৌধুরী।
তার বাড়িও নরসিংদীতে। আর জেলার পরিচিতিমূলক গানের সঙ্গে ছিল অর্ধশতাধিক স্থানীয় শিল্পীর নৃত্য। যেখানে তুলে ধরা হয়েছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকথা। সবশেষে ছিল খুলনা জেলার বটিয়াঘাটা থানার ভগবতীপুর গ্রামের দৃষ্টিহীন মানুষ চিত্তরঞ্জন মহালদারের ওপর হৃদয়স্পর্শী প্রতিবেদন। ষাটোর্ধ্ব বৃদ্ধ চিত্তরঞ্জন তার প্রবল ইচ্ছা আর অন্তর্দৃষ্টি দিয়ে সবই যেন দেখতে পান। হাঁস-মুরগি, গরু-ছাগল লালন-পালন, নারিকেল গাছে ওঠা, ডাব পাড়া, গাছ পরিষ্কার করা, গরুকে মাঠে নিয়ে যাওয়া-নিয়ে আসা, মাছ ধরা ইত্যাদি ছাড়াও আশ্চর্যের বিষয় হচ্ছে স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি নিজেই রান্না করে খান। স্বাভাবিক মানুষের মতোই মাছ-তরকারি কেটে, রান্নার সব উপকরণ পরিমাণ মতো দিয়ে চুলোয় আগুন জ্বালিয়ে রান্না করেন। এসব ঝুঁকিপূর্ণ কাজকে তিনি ঝুঁকি মনে করেন না। দৃষ্টিহীন হয়েও চিত্তরঞ্জন স্বনির্ভর, কারও করুণার পাত্র নন। কোনো প্রতিবন্ধকতা না থেকেও আমরা যারা কর্মবিমুখ এই দৃষ্টিহীন বৃদ্ধের কাছে তাদের অনেক শেখার আছে। বৃদ্ধের সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত হৃদয়ছোঁয়া। এই অসাধারণ ইত্যাদির জন্য হানিফ সংকেতকে ধন্যবাদ।
