টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দু’টি অভিযানে ৩০ হাজার ২৫০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার পৃথক সময়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর হোয়াইক্যং বিওপি ও শীলখালী চেকপোস্টে এই অভিযান দু’টি চালানো হয়। মঙ্গলবার উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, গত সোমবার সকাল আনুমানিক ৭টার কিছু পরে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি শীলখালী চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় সিএনজি’র পেছনের সিটে বসা এক যাত্রীর পকেট থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক যাত্রী মো. রাকিব (২৫) মাদারীপুর জেলা সদর থানাধীন মাদরা গ্রামের রশিদ খলিফার ছেলে।

এদিকে একইদিন রাতে টেকনাফ সীমান্তে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা খালের পাশে অবস্থান নেয়। এ সময় রাত আনুমানিক ৮টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে এক নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে আটক করেন। আটক আবু সৈয়দ (২০) উখিয়ার কেরামতলীর মো. মোহাম্মদ হোসেনের ছেলে।

পরবর্তীতে তাকে তল্লাশি করে একটি পোটলার ভেতর খাকি রংয়ের প্যাকেটে মোড়ানো নীল রংয়ের ৩টি কার্টন থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উখিয়া বিজিবি’র অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী এবং এই চক্রগুলোর সঙ্গে জড়িত অন্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও কঠোর তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন