ফরিদপুরে দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ। আইনশৃঙ্খলা রক্ষা, আলোচিত অপরাধের রহস্য উদ্ঘাটন, গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা দেয়া হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে গিয়ে সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ মানবজমিনকে বলেন, যোগদানের পর প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি আমার জন্য গর্বের বিষয়। নগরকান্দা-সালথা একটি দাঙ্গাপ্রবণ এলাকা হওয়ায় এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যদিয়েই আমি দায়িত্ব পালনের মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছি।
