সিলেটে সংবাদ সম্মেলন

লন্ডনে নির্যাতিত গৃহবধূকে উদ্ধারে মায়ের আর্তনাদ

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে ঘরে বন্দি রেখে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন থেকে বাঁচাতে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তার মা রেখা খাতুন চৌধুরী। মঙ্গলবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সিলেট নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাপলাবাগ এলাকার বাসিন্দা মো. এনামুল হকের স্ত্রী রেখা খাতুন চৌধুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেখা খাতুন বলেনÑ তার মেয়ে আনিকা হক চৌধুরীর সঙ্গে ২০২৫ সালের ৮ই ফেব্রুয়ারি শিবগঞ্জ এলাকার সাঈফ টাওয়ারের বাসিন্দা আফজালুর রহমান জুলুর ছেলে যুক্তরাজ্য প্রবাসী রোম্মান আলমের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর রোম্মান আলম লন্ডনে চলে যান। এরপর দেশে অবস্থানকালে আনিকা তার শাশুড়ি নাসিমা বেগম রিনু ও ভাসুর রুহুল আমিনের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘ সময় মেয়েকে বাবার বাড়িতে আসতে দেয়া হয়নি। পরে স্বামীর কাছে যুক্তরাজ্যে যাওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি; বরং তা আরও বেড়েছে। তার অভিযোগÑ বর্তমানে লন্ডনে অবস্থানরত আনিকাকে স্বামী রোম্মান আলম ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। রোম্মান আলম তার মেয়ের খালাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছেন। এ ছাড়া শাশুড়ি নাসিমা বেগম রিনুও ভয়েস মেসেজে তার মেয়েকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এসব কারণে তার মেয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।

রেখা চৌধুরী জানিয়েছেনÑ গত ১৯শে মে নির্যাতনের শিকার হওয়ার পর রক্তাক্ত অবস্থার কিছু ছবি তার মেয়ে পরিবারের কাছে পাঠিয়েছেন। অভিযোগ করা হয়Ñ নির্যাতনের তথ্য বাইরে যাতে প্রকাশ না পায় সেজন্য তার মোবাইলফোনও কেড়ে নেয়া হয়েছে। একই সঙ্গে আনিকার উপার্জনের অর্থ জোরপূর্বক নিয়ে নেয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় তিনি শাহপরান থানায় গত ৩১শে জানুয়ারি জিডি করেছেন। লিখিত বক্তব্যে আরও বলা হয়Ñ গত ৩রা জুন রোম্মান আলমের মা নাসিমা বেগম রিনু তাকে ফোনে গালিগালাজ করেন এবং আনিকাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিমান টিকিটের টাকা দাবি করেন। এ বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রোম্মান আলমের বড় ভাই রুহুল আমিন তার পরিবারের সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

রেখা খাতুন চৌধুরী দাবি করেনÑ প্রতিবাদ করায় রুহুল আমিন তাদের বাসায় গিয়ে গালিগালাজ করেন এবং নিজেকে প্রভাবশালী দাবি করে বলেনÑ ‘আমার কথায় প্রশাসন চলে।’ এ ঘটনায় তিনি ৩রা জুন শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, রোম্মান আলমের চাচা সিদ্দিকুর রহমান পাপলু, যিনি বিএনপি’র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিষয়টির নিরপেক্ষ তদন্তে বাধা সৃষ্টি করছেন। তিনি বলেনÑ মেয়ের ওপর নির্যাতনের বিষয়টি বিভিন্ন ভিডিও ও তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কাক্সিক্ষত প্রতিকার পাওয়া যায়নি।

এমনকি বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে রেখা খাতুন চৌধুরী তার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন