অক্টোপাস পলের যুগ শেষ, বিশ্বকাপের ভাগ্য জানাচ্ছে এআই

অক্টোপাস পলের যুগ শেষ, বিশ্বকাপের ভাগ্য জানাচ্ছে এআই

ফন্ট সাইজ:

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় পুরো বিশ্ব বুঁদ হয়েছিল জার্মানির একটি অক্টোপাসের ওপর। নাম তার ‘পল’। সেই সময় একটি কাঁচের অ্যাকোয়ারিয়ামে দুটি দেশের পতাকা লাগানো বাক্সে ঝিনুক রেখে পলের সামনে দেয়া হতো। পল যে বাক্সের ঝিনুকটি মুখে তুলত, ধরে নেয়া হতো সেই দেশই জিতবে। ২০০৮ সালের ইউরো এবং ২০১০ সালের বিশ্বকাপে জার্মানির খেলা ম্যাচগুলোর ১৩টির মধ্যে ১১টিরই সঠিক বিজয়ী বেছে নিয়েছিল এই অক্টোপাস। বিষয়টি তখন এতটাই গুরুত্ব পেয়েছিল যে, ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পলকে ‘ক্ষয়িষ্ণুতার প্রতীক’ বলে ঘোষণা করেছিলেন! আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি জিতবে-পলের এমন ভবিষ্যদ্বাণী যখন সত্যি হলো, তখন এক আর্জেন্টাইন শেফ পলকে কড়াইয়ে ভেজে খাওয়ার হুমকি দিয়েছিলেন। আবার জার্মানি হেরে যাবে বলায় খেপেছিলেন জার্মান সমর্থকরাও।

স্পেনের জয়ের কথা বলায় দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী পলের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব পর্যন্ত দেন। ২০১০ সালের শেষের দিকে পল মারা যায়। মৃত্যুর পরও আইফোন অ্যাপ, গুগল ডুডল কিংবা চীনের রহস্য সিনেমায় জায়গা করে নিয়েছিল এই অক্টোপাস।

দিন বদলেছে। ১৬ বছর পর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে একুয়ারিয়ামের দিকে কেউ আর তাকিয়ে নেই। এখন সবার চোখ স্মার্টফোন আর সুপারকম্পিউটারের স্ক্রিনে। এবারের ২০২৬ বিশ্বকাপের বিজয়ী কে হবে, তা জানতে এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর ডেটা অ্যানালিটিক্সের সাহায্য নেয়া হচ্ছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও ওয়েবসাইট তাদের নিজস্ব এআই মডেল দিয়ে ইতিমধ্যেই সম্ভাব্য বিজয়ীদের তালিকা তৈরি করেছে। যেমন, ‘ইউএসএ টুডে’ মাইক্রোসফটের কোপাইলট ব্যবহার করে একটি সম্ভাব্য তালিকা তৈরি করেছে।

তাদের মতে, কোপাইলটের গণনায় ফ্রান্স এবার আর্জেন্টিনাকে শেষ ১৬ থেকে বিদায় করবে। মরক্কো যাবে সেমিফাইনালে এবং ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। অন্যদিকে, ‘আর্টিফিশিয়াল কর্নার’-এর ফ্রাংক অ্যান্ড্রেড নামের এক ডেটা ডেভেলপার ‘ক্লড’ এআই ব্যবহার করে প্রায় ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করেছেন। দলগুলোর শক্তির ওপর ভিত্তি করে এআইকে দিয়ে ৫০ হাজার বার সিমুলেশন বা পরীক্ষা চালানো হয়েছে। সেই ফল অনুযায়ী, এবারের বিশ্বকাপে স্পেনের জেতার সম্ভাবনা ২৭ শতাংশ এবং আর্জেন্টিনার ২১ শতাংশ। আর সেমিফাইনালে থাকবে ফ্রান্স ও ইংল্যান্ড। অপ্টা এআই এবং চ্যাটজিপিটি-র মতো জনপ্রিয় মডেলগুলোও তাদের প্রম্পটের ওপর ভিত্তি করে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল ও ব্রাজিলকে ফেভারিট মানছে।

তবে ইলন মাস্কের ‘গ্রোক’ একটু দেশপ্রেম দেখিয়ে স্বাগতিক আমেরিকার পক্ষে বাজি ধরেছে, তাদেরকে বলছে টুর্নামেন্টের বড় ‘সারপ্রাইজ’। চীনে লেদোভো এবং মিগু মিলে ‘মানুষ বনাম এআই’ ফুটবল ভবিষ্যদ্বাণীর এক প্রতিযোগিতার আয়োজন করেছে। যেখানে ডিপসিক, কিমি, আর্নি বট ও কোয়েনের মতো চীনের শীর্ষ ১২টি এআই মডেল সাধারণ ফুটবল ভক্তদের সাথে ম্যাচ প্রেডিকশনে লড়াই করবে। গণিতবিদরা হল্যান্ড বা পর্তুগালকে নিয়ে স্বপ্ন দেখছেন, আর এআই দেখছে ফ্রান্স বা স্পেনকে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন