উত্তাল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, নিহত ৩০

উত্তাল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, নিহত ৩০

ফন্ট সাইজ:

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহত এবং অন্তত ২০০ জন আহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, অঞ্চলটির প্রভাবশালী নাগরিক জোট জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)-কে নিষিদ্ধ করার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। সংগঠনটি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বিদ্যুতের উচ্চমূল্য, করনীতি এবং রাজনৈতিক অধিকারসংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিল।

জনশৃঙ্খলা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে গত সপ্তাহে জেএএসি-কে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ। পরবর্তীতে গত শুক্রবার রাতে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে এক ব্যবসায়ী নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে গত রোববার রাওয়ালকোট শহরে সংঘর্ষের ঘটনা ঘটে। রাওয়ালকোটের শীর্ষ বেসামরিক কর্মকর্তা কমিশনার সরদার ওয়াহিদ খান রয়টার্সকে জানান, পুলিশের গুলিতে নিহত ব্যবসায়ীর মরদেহ যে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছিল, তার বাইরে জেএএসি’র সমর্থকরা জড়ো হয়েছিল।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে গোষ্ঠীটির কর্মীরা তাদের লক্ষ্য করে রাইফেল, পেট্রোল বোমা ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে। এর জবাবে নিরাপত্তা বাহিনী প্রতিক্রিয়া জানালে অন্তত ছয়জন বিক্ষোভকারী নিহত হন। এ ছাড়া বিক্ষোভের সময় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই কর্মকর্তা। তবে স্থানীয় বাসিন্দা ও জেএএসি সমর্থকরা দাবি করেছেন যে, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন