নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডের লাফবরায় ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলতে সক্ষম হয় টাইগ্রেসরা। ১১ রানে হারে নিগার সুলতানা জ্যোতির দল।
আগে বোলিং করতে নেমে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। প্রথম ওভারের তৃতীয় বলে আইরিশ ওপেনার আলানা ডালজেলকে ব্যক্তিগত শুন্য রানে ফেরান পেসার মারুফা আক্তার। চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা। এবার তাদের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন স্পিনার সানজিদা আক্তার মেঘলা। ১৪ বলে ১৯ রান করে আউট হন এমি হান্টার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। এক পর্যায়ে ১১২ রানে ৯ উইকেট হারিয়ে বসে দলটি। শেষ উইকেটে ম্যাচের চিত্র বদলে দেন আভা ক্যানিং। ক্রিস্টিনা কোল্টার রেইলিকে নিয়ে ১৮ বলে যোগ করেন ৩১ রান। শেষ ওভারে ২১ রান দেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। দুই ছক্কা ও এক চারে ৮ বলে ২১ রানের ক্যামিওতে আয়ারল্যান্ডকে ১৪৩ রানের লড়াকু পুঁজি এনে দেন ক্যানিং। বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা ৩ ও পেসার মারুফা আক্তার ২ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে ওপেনার দিলারা আক্তারকে হারায়। দ্বিতীয় উইকেটে ওপেনার জুরাইইয়া ফেরদৌস ও শারমিন আক্তার মিলে ৬৯ বলে ৭৭ রানের জুটি গড়েন। ৩৮ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন জুরাইইয়া। ৪০ বলে ২৭ রান করে আউট হন শারমিন। ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাস্পিং হওয়ার আগে ১৪ বলে ১৯ রান করেন নিগার সুলতানা জ্যোতি। টাইগ্রেস অধিনায়কের বিদায়ের পর লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি। জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩২ রান। হাতে ছিল ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তোলা অসম্ভব ছিল না। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টাইগ্রেস ব্যাটাররা ঝড় তুলতে পারেননি। শেষ দুই ওভারে ১৯ রান তোলে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে চার ওভারে ২০ রান খরচ করে ৪ উইকেট নেন এমি মাগুয়েরে।
