অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বলেন, অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস বা দর্শন বিভাগ বাদ দেয়ার বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।
আমার জানা মতে এমন কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও নেই। আমরা বরং কারিগরি ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে কাজ করছি। তবে তার অর্থ এই নয় যে বাংলা, ইতিহাস বা দর্শনের মতো বিষয়গুলো বাদ দেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বাজারের চাহিদা বিবেচনায় নতুন কোর্স ও বিষয় সংযোজনের আলোচনা নিয়মিতই হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার বিভিন্ন স্তরে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। কিন্তু বাংলা বা ইতিহাসকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা নেয়া হয়েছে এমন কথা আমরা কোথাও বলিনি, এমন কোনো আলোচনাও করিনি।
