মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন আটক

ফন্ট সাইজ:

রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার একজনকে ঢাকা ও অন্যজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়েছে। তারা হলেন-রিয়াজ ও আল আমিন। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার খুনের ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ এবং আল আমিন নামে দুই জনকে আটক করা হয়েছে। মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ।

এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাজাহার। তিনি বলেন, সালিশকে কেন্দ্র করে বিল্লালকে ছুরিকাঘাত করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকারীরা ঘটনার পর পর পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগের সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেপ্তার হন। এ সময় তাকে দল থেকে বহিষ্কারও করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন