৪ বছর পর দলে ফিরে দারুণ পারফর্মেন্স উপহার দিলেন মোসাদ্দেক হোসেন। ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থেকে ফিরলেন তিনি। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো ৮ উইকেটে ২৮৪ রান।
মিরপুরে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দ্রুতই ফিরে যান সাইফ হাসান (৫)। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৬ রানের জুটি বাঁধেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ফিফটি ছুঁয়ে ৪৪ বলে ৫৪ রানের ইনিংসে ফেরেন এ বাঁহাতি ব্যাটার। তিনে নামা লিটন দাস (৭) সাজঘরের পথ ধরেন দ্রুতই। দলীয় দেড়শ ছোঁয়ার আগে ব্যক্তিগত ৬৭ রানে ফিরে যান শান্ত। ছয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান মোসাদ্দেক। পঞ্চম উইকেটের জুটিতে তাওহীদ হৃদয়ের সঙ্গে ৭৫ রান যোগ করেন তিনি। ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরেন হৃদয়। শেষ দিকে তাসকিনকে নিয়ে দ্রুত রান তোলেন মোসাদ্দেক। দুজনের অষ্টম উইকেটের জুটি থেকে যোগ হয় ৩৩ বলে ৪৫ রান। ইনিংসের শেষ বলে তাসকিন ফিরে যান ১৬ বলে ২০ রানের অবদানে।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাথান এলিস। দুটি করে নেন অভিষিক্ত পেসার লিয়াম স্কট ও ম্যাট রেনশ।
