বিশ্বকাপের আগে স্বস্তি ব্রাজিল শিবিরে

বিশ্বকাপের আগে স্বস্তি ব্রাজিল শিবিরে

ফন্ট সাইজ:

বিশ্বকাপ শুরুর ঠিক দুই দিন আগে বড় ধরনের স্বস্তি ফিরলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শিবিরে। পায়ের পেশির চোট কাটিয়ে দ্রুত সেরে উঠছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সোমবার রাতে নিশ্চিত করেছে, নেইমারের চোটের জায়গায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে।

গত মাসের শেষদিকে সান্তোসের হয়ে খেলার সময় চোট পান ৩৪ বছর বয়সী এই তারকা। পরে পরীক্ষা-নিরীক্ষায় গ্রেড-২ মাসল টিয়ার (মাংসপেশি ছিঁড়ে যাওয়া) ধরা পড়লে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। চোটের কারণে পানামা ও মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ দুটি প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি এই ফরোয়ার্ড। তবে তাকে ছাড়াই ম্যাচ দুটিতে যথাক্রমে ৬-২ ও ২-১ গোলে জয় পায় ব্রাজিল।

নেইমারের সর্বশেষ অবস্থা জানতে সোমবার পুনরায় স্ক্যান করা হলে মেডিকেল টিম আশাবাদী রিপোর্ট হাতে পায়। সিবিএফ এক বিবৃতিতে বলে, ‘নতুন পরীক্ষায় নেইমারের চিকিৎসার ভালো অগ্রগতি দেখা গেছে, যা আমাদের প্রত্যাশার ভেতরেই আছে। মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী তিনি পুনর্বাসন এবং শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবেন।’

২০২৩ সালের অক্টোবরে এসিএল চোটে পড়ার পর থেকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন বার্সেলোনা ও পিএসজির এই সাবেক তারকা। তবে নতুন রিপোর্টের পর ধারণা করা হচ্ছে, তিনি দ্রুতই অনুশীলনে ফিরবেন এবং প্রথম ম্যাচের স্কোয়াডেই অন্তর্ভুক্ত হতে পারেন।

আগামী ১৩ই জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল) নেইমার যদি মাঠে নামেন, তবে ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরের পর এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন