নীলের জন্মদিনে ডিভোর্স গুঞ্জন উসকে দিলেন তৃণা

নীলের জন্মদিনে ডিভোর্স গুঞ্জন উসকে দিলেন তৃণা

ফন্ট সাইজ:

কলকাতার ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। গতকাল সোমবার ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেতা। নাচ গান হই হুল্লোড়ে পার্টি একেবারে জমজমাট। ‘বার্থডে বয়’ নীল ভট্টাচার্য নিজেই পার্টি মুডের রঙিন মুহূর্তগুলো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। বন্ধুবান্ধব, কাছের মানুষদের নিয়ে নীল যখন জন্মদিনের উদযাপনে ব্যস্ত সেখানে কিন্তু, দেখা মিলল না নায়িকা স্ত্রী তৃণা সাহার।

বরং অভিনেত্রী নন্দিনী দত্তর সঙ্গে নীলের ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ মুডের ভিডিও দাবানলের গতিতে ভাইরাল নেটভুবনে। সেখানে আবার লাইক পর্দার তটিনী ওরফে নীল ঘরনি তৃণার। অথচ অভিনেত্রীর তরফে সোশাল মিডিয়ায় নীলের উদ্দেশে জন্মদিনে শুভেচ্ছাবার্তার বদলে ইনস্টা স্টোরিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট, নাম না করে নীলকেই বিঁধেছেন অভিনেত্রী! বলা ভালো সমাজমাধ্যমে তৃণা সাহার জোড়া বিস্ফোরণ। একটি পোস্টে লিখেছেন, অনুতাপ? হাহাহা… না, প্রকৃত ভালোবাসার মানুষগুলো এখনও আমার সঙ্গেই আছেন। আমি শুধু কিছু সাপকে হারিয়েছি। নীলের জন্মদিনেই শাপ শব্দটিকে রূপক হিসেবে ব্যবহার করে জীবনকে ‘অভিশাপ’ মুক্ত বলতে চাইলেন তৃণা? বিস্তর জল্পনা নেটভুবনে। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ছবির সঙ্গে একটি পোস্টে অতীত ভুলে নতুন জীবন শুরুর ইঙ্গিত দিলেন তৃণা তা বললে অত্যুক্তি হবে না।

কারণ তৃণা সাহা শেয়ার করা পোস্ট অনুযায়ী, ক্ষতস্থানে প্রলেপ দিতে মাঝে মাঝে হারিয়ে যাওয়া প্রয়োজন। অতীতের সেই অন্ধকারে আর যেন কখনও ফিরে না যেতে হয়। নতুন জীবন, নতুন অধ্যায়। জল্পনা সত্যি করে নীল-তৃণার দাম্পত্যে ভাঙন নিশ্চিত করলেন তৃণা? একসময় বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জুটি হিসেবে পরিচিত ছিলেন নীল-তৃণা। চার বছর আগে সংসার পেতেছেন তারা। একটা সময় পর্যন্ত সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যেত তাদের ‘হ্যাপেনিং’ জীবনযাপনের নানান নজির। হালফিলে সেই রসায়নে ভাঁটা পড়েছে বলেই গুঞ্জন। যদিও সংশ্লিষ্ট বিষয়ে মুখ খোলেননি দম্পতি।

সাম্প্রতিক অতীতে বশ কয়েকবার নীল-তৃণার বিচ্ছেদ গুঞ্জন জোরালো হয়েছে। সেসময় অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন দুজনেই। তবে নীলের জন্মদিনেই বিচ্ছেদ জল্পনায় পড়ল সিলমোহর।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন