ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের আন্দোলনে এবার নারী গ্রাহকরা

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের আন্দোলনে এবার নারী গ্রাহকরা

ফন্ট সাইজ:

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। তবে এবার নারী আমানতকারীরা অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে টানা আট দিন মানববন্ধন কর্মসূচি পালন করলেও নবম দিনে এসে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক নারী গ্রাহক অংশ নেন।

আন্দোলনে অংশ নেয়া কয়েকজন নারী আমানতকারী জানান, তারা রাষ্ট্রের স্বার্থে লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংককে বাঁচাতে রাস্তায় নেমে এসেছেন। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়বে। তাই, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে পুরুষ আমানতকারীদের পাশাপাশি তারাও রাস্তায় দাঁড়িয়েছেন।

ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের মনোনীত স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ঈদের ছুটির সময়ও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। এর ধারাবাহিকতায় সম্প্রতি সমাবেশের আয়োজন করা হয়। তবে আন্দোলনকারীদের অভিযোগ, ওই কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ২৫ জন গ্রাহক আহত হয়েছেন বলে দাবি করেছে সচেতন গ্রাহক ফোরাম।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন