বার্ডের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: দক্ষ জনসম্পদ উন্নয়নে অনন্য বাতিঘর

বার্ডের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: দক্ষ জনসম্পদ উন্নয়নে অনন্য বাতিঘর

ফন্ট সাইজ:

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।এ উপলক্ষে একাডেমির কোটবাড়ী ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।বার্ডের প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন বিভাগের পরিচালক আইরিন পারভিন, বার্ডের সাবেক ও বর্তমান অনুষদবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ড কর্তৃপক্ষের উদ্যোগে এবং সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় ১৮৯তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ ব্যাচের প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ডা.সব্যসাচী বিশ্বাস। এছাড়া এই ব্যাচের প্রশিক্ষণার্থী ডা.শামীম আহমেদ তাঁর বক্তব্যে বলেন, "এই বুনিয়াদী প্রশিক্ষণ চিকিৎসক কর্মকর্তাদের মানবিক ও পেশাগত গুণাবলি বিকাশে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে"। ব্যাচের আরেক প্রশিক্ষণার্থী ডা.ইমরানুল ইসলাম মজুমদার বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব গঠনে কার্যকর ভূমিকা রাখবে।বক্তারা দেশের দক্ষ জনসম্পদ গঠনে দীর্ঘ দিন ধরে বার্ডের গৌরবময় অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

ঐতিহ্য ও কার্যক্রমের এক নজরে বার্ড:১৯৫৯ সালের ২৭ মে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড.আখতার হামিদ খানের হাত ধরে কুমিল্লা শহর থেকে ৭ কিলোমিটার দূরে লালমাই পাহাড়ের পাদদেশে কোটবাড়ীতে ১৫৬ একর জমির ওপর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।বর্তমানে প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে 'বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আইন ২০১৭' অনুযায়ী পরিচালিত হচ্ছে।মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এই একাডেমির ১৮ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেন।

বর্তমানে একাডেমির প্রধান নির্বাহী হিসেবে একজন মহাপরিচালক দায়িত্ব পালন করছেন, যাঁকে সার্বিক সহায়তা দিচ্ছেন একজন অতিরিক্ত মহাপরিচালক, ৯ জন পরিচালক এবং বিভিন্ন ডিসিপ্লিনের ৪৫ জন অনুষদ সদস্য।এছাড়া প্রতিষ্ঠানে আরও ৩০৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন।

বার্ডের অন্যতম মূল দায়িত্ব হলো পল্লী উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের আধুনিক প্রশিক্ষণ প্রদান করা।প্রতি বছর প্রায় ১২০ থেকে ১৫০টি দলে বিভিন্ন পর্যায়ের প্রায় ৫,০০০ জন প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ গ্রহণ করেন।শুধু জাতীয় পর্যায়েই নয়, সার্কভুক্ত দেশসহ বিভিন্ন এশীয় দেশের কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য একাডেমি নিয়মিত আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স, কর্মশালা ও সেমিনারের আয়োজন করে থাকে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া বার্ডের ১৮৯তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ ব্যাচটি আগামী ২৪ জুন ২০২৬ তারিখে শেষ হবে, যেখানে বর্তমানে ৫০ জন চিকিৎসক প্রশিক্ষণ গ্রহণ করছেন।দীর্ঘ সাড়ে ছয় দশকেরও বেশি সময় ধরে বার্ড গ্রামীণ উন্নয়ন ও টেকসই মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন