সহায়তাকর্মীদের নিবন্ধন বাধ্যতামুলক করায় ইসরাইলের বিরুদ্ধে ২০ দেশের আপত্তি

সহায়তাকর্মীদের নিবন্ধন বাধ্যতামুলক করায় ইসরাইলের বিরুদ্ধে ২০ দেশের আপত্তি

ফন্ট সাইজ:

গাজা ও দখল করে নেয়া পশ্চিম তীরে কাজ করা সাহায্য সংস্থাগুলোর জন্য নিবন্ধন বাধ্যতামুলক করে নতুন আইন করেছে ইসরাইল। এ আইনে সহায়তা সংস্থাগুলোর কর্মীদের তালিকা জমা না দিলে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে ২০টি দেশ।

ইউরোপের ১৮টি দেশ, পাশাপাশি অস্ট্রেলিয়া ও জাপান সহ মোট ২০টি দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কাজ করা সাহায্য সংস্থাগুলোর জন্য ইসরাইলের নতুন নিবন্ধন আইন অত্যন্ত উদ্বেগজনক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইসরাইলের সর্বোচ্চ আদালত গত সপ্তাহে এই বিধিনিষেধ বহাল রাখে। এই নিয়ম না মানায় ইতিমধ্যে ৩৭টি সহায়তা সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে। এসব সংস্থা তাদের ফিলিস্তিনি ও আন্তর্জাতিক কর্মীদের তালিকা ইসরাইলি সরকারের কাছে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ২০টি দেশ জানিয়েছে, এই নতুন আইন সহায়তা সংস্থাগুলোর কার্যক্রমকে গুরুতরভাবে সীমিত করবে এবং চলমান মানবিক সংকটে তাদের সাড়া দেয়ার সক্ষমতা কমিয়ে দেবে।

বিবৃতিতে বলা হয়, গাজায় প্রবেশ করা সহায়তা এখনো পরিমাণ ও মান দু’দিক থেকেই যথেষ্ট নয়। অথচ প্রায় পুরো জনগোষ্ঠীই জীবনরক্ষাকারী সেবার ওপর নির্ভরশীল। দেশগুলো আরও আহ্বান জানিয়ে বলে, আমরা আবারও ইসরাইলকে অনুরোধ করছি, বর্তমান রূপে এই নিবন্ধন আইন কার্যকর না করতে। ইসরাইল ইতিমধ্যে বহু সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করেছে। তারা নতুন নিয়ম মানতে অস্বীকৃতি জানিয়েছিল।

এর মধ্যে রয়েছে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন, ডক্টরস উইদাউট বর্ডার্স এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি। সহায়তা সংস্থাগুলো বিভিন্ন উদ্বেগের কথা জানিয়েছে। তাদের মধ্যে রয়েছে গাজায় ইসরাইলি হামলায় শত শত মানবিক কর্মী নিহত হওয়ার বিষয়টিও, যা তারা মানবিক সংকটকে আরও ভয়াবহ করেছে বলে উল্লেখ করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন