সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী শায়রুল হাসান। আর এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার।
গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কাজী শায়রুল হাসান ও আবেদুর রহমান সিকদার যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য নিজ নিজ দায়িত্ব পালন করবেন। এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।
