চেয়ারম্যান নিয়োগে অস্থিরতা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের

ফন্ট সাইজ:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে আবারো অস্থিরতা শুরু হয়েছে। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোরবানির ঈদের পর থেকে নিজেদের জমাকৃত আমানত তুলে নিচ্ছেন গ্রাহকরা। বিপরীতে জমা করছেন কম।

সূত্র বলছে, ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস থেকে গত রোববার পর্যন্ত আমানতকারীরা প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা তুলে নিয়েছেন। ইসলামী ব্যাংকের আমানত কমে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৮১ হাজার ৬০০ কোটি টাকায়। অথচ ঈদের আগে ব্যাংকটিতে আমানত ছিল এক লাখ ৮৫ হাজার কোটি টাকা। ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, গত ২৪শে মে চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগের পর থেকেই দেশের বিভিন্ন শাখায় আমানতকারীদের ভিড় বাড়তে থাকে। এই সমস্যার সমাধান না হলে টাকা উত্তোলনের চাপ আরও বাড়তে পারে বলে জানান তিনি। তিনি বলেন, গত সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার কর্মদিবসে প্রায় দুই হাজার ৫৭০ কোটি টাকার মতো উত্তোলন করা হয়েছে। রোববার প্রায় এক হাজার কোটি টাকার মতো উত্তোলন হয়েছে। এতে পাঁচ কর্মদিবসেই উত্তোলনের অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন বলেন, কিছু গ্রাহক আমানত তুলে নিচ্ছেন ঠিকই, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঋণ অনুমোদনসহ সব কার্যক্রম কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রাহকরা নগদ অর্থ তুলছেন নাকি অন্য ব্যাংকে স্থানান্তর করছেন, তাও নজরদারিতে রয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দেবে বলেও তিনি জানান।

২০২৪ সালের আগস্টে বোর্ড পুনর্গঠনের পর ইসলামী ব্যাংকের আমানত উল্লেখযোগ্যভাবে বেড়ে ২০২৫ সালে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকায় পৌঁছেছিল। তবে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলনের ঘটনা ব্যাংকটির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

এদিকে চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে কর্মকর্তা ও গ্রাহকদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন এবং খুরশিদ আলমের পদত্যাগ দাবি করেছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন