আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত: চিফ প্রসিকিউটর

ফন্ট সাইজ:

প্রবীণ আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একদিনের জন্য বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মানবজমিনকে এসব কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন, আমিনুল গণি টিটোর মৃত্যুতে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম মুলতবি রাখা হয় বলে জানান তিনি।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আমিনুল গণির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর কার্যক্রম মুলতবি রাখা হয়েছে। তার মৃত্যুতে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ গভীর শোক প্রকাশ করছেন। চিফ প্রসিকিউটর বলেন, আমিনুল গণি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আইনজীবী হিসেবে বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার পেশাগত দক্ষতা, সৌজন্যবোধ এবং আইন পেশার প্রতি নিষ্ঠা সহকর্মী ও সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও আমিনুল গণি টিটোর সঙ্গে মামলার পরিচালনাকারী এডভোকেট আবুল হাসান মানবজমিনকে বলেন, মরহুম আমিনুল গণি টিটোকে গতকাল সকাল ৮টায় মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসায় প্রথম জানাজা শেষে বেলা পৌনে ১১টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সর্বশেষ বাদ আসর টাঙ্গাইলের গয়াহাটা নাগরপুরে মরহুমের বাসভবন প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানা যায়, গত রোববার সকালে আমিনুল গণি হৃদরোগে আক্রান্ত হন। একপর্যায়ে গতকাল রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেশ কিছু মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে আমিনুল গণি দায়িত্ব পালন করছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন