শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতে নয়া উদ্যোগ

ফন্ট সাইজ:

জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের স্কুল ও কলেজমুখী করা এবং উপস্থিতি হার বাড়ানোর লক্ষ্যে চালু করা হয়েছে ‘জিরো মিসিং’ নামে বিশেষ কার্যক্রম।
সোমবার জেলা প্রশাসনের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এ উদ্যোগের ঘোষণা প্রকাশ করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসন জানায়, সরকারের ‘মিড ডে মিল’ কর্মসূচির পাশাপাশি এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগের আওতায় জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিনদিন শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকলে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ‘জিরো মিসিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে উৎসাহিত করবে। শিক্ষার পরিবেশ আরও গতিশীল করবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে উপস্থিতির কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে সে শুধু একটি ক্লাসই মিস করে না, তার শেখার ধারাবাহিকতা ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নড়াইল জেলা প্রশাসন ‘জিরো মিসিং’ উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত হোক। শিক্ষক, অভিভাবক, সুধী সমাজ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব। নিয়মিত উপস্থিতি নিশ্চিত হলে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন হবে। কমে যাবে ঝরে পড়ার প্রবণতা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন