সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের অবদান অনবদ্য। নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হলদে পাখি এই গাইডিং কার্যক্রম ছাত্রীদের জীবনদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। গতকাল নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের পাখি ও প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় ও প্রশিক্ষণ কমিশনার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। এ ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ. কে. এম সাইফুল হাসান, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তানজিনা বিনতে মোশাররফ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার বীনা প্রভা চাকমা। উপস্থিত ছিলেনÑ সিলেট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের জেলা কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, ট্রেইনার শিরীন গুলসান আরা, সদস্য রোকসানা আক্তার তুলি, শারমিন সুলতানা, শিপ্রা দে এবং প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের হলদে পাখি কমিশনার বেলা রানী সরকার। দিনব্যাপী এই সম্মেলনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ২৩০ জন প্রতিনিধি অংশ নেন।
