সীমান্ত এলাকা থেকে মাদক দেশের বিভিন্ন স্থানে পাচার করতো দম্পতি

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে ২ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সকাল ১০টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর। আটককৃত মাদক কারবারি দম্পতি ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নলগরিয়ার সিংগারবিল এলাকার শানু মিয়ার ছেলে মো. ঝন্টু মিয়া (৩৬) ও তার সহধর্মিণী আঁখি আক্তার শিউলী (২৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদে সকাল ১০টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত একটি ভাড়াকৃত সিএনজি আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিতে আঁখির হাতে থাকা একটি শপিং ব্যাগে রাখা কাপড়ে মোড়ানো ও স্কচটেপ দ্বারা প্যাঁচানো ও বাঁধা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আটককৃত দম্পতি চিহ্নিত মাদক কারবারি। তাদের দুইজনের বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, আটককৃতদের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন