হবিগঞ্জের বানিয়াচংয়ে খেলার মাঠে বজ্রপাতে সুজন মিয়া (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদ হাজী খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গল কান্দি (নয়াহাটি) গ্রামের জয়ধর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল কান্দি গ্রামের মোহাম্মদ হাজী খেলার মাঠে স্থানীয় তরুণরা ফুটবল খেলছিল। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়।
একপর্যায়ে প্রচণ্ড শব্দে একটি বজ্রপাত খেলার মাঠে পড়লে মাঠে থাকা ৫ তরুণ গুরুতর ঝলসে যান। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে আহতরা হলেনÑ একই গ্রামের ইছাক মোল্লার ছেলে হাফিজ উদ্দিন (২২), রুফু মিয়ার ছেলে পারভেজ মিয়া (২১), হাফিজ মিয়ার ছেলে শরীফ উদ্দিন (১৮) এবং আসাব উদ্দিনের ছেলে ইব্রাহিম (১৭)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
