চিকিৎসকদের ন্যায্য দাবি ও পেশাগত মর্যাদা রক্ষার লক্ষ্যে মুন্নু মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সোমবার দুপুরে মুন্নু মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিমের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নোটিশে উত্থাপিত বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রস্তাবসমূহের বিরুদ্ধে চিকিৎসক সমাজের পক্ষ থেকে বারবার সুস্পষ্ট দাবি ও প্রতিবাদ জানানো হয়েছে। বিশেষ করে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের জন্য বেতন কাঠামোতে বৈষম্য, ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে আসছি।
দুঃখজনক হলেও সত্য যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস ও আলোচনা সত্ত্বেও এখন পর্যন্ত চিকিৎসক সমাজের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে কোনো দৃশ্যমান, কার্যকর ও সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করা হয় নি। চিকিৎসকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না করে একটি শক্তিশালী ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা কখনো সম্ভব নয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পূর্বঘোষিত দাবিসমূহ বাস্তবায়ন না হওয়ায় আজ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হলো।
