ময়মনসিংহের ধোবাউড়ায় ভাঙা বেইলি ব্রিজ পরিদর্শন করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সোমবার সকালে ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার এলাকায় কংস নদের উপর ভেঙে পড়া বেইলি ব্রিজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ধোবাউড়া-তারাকান্দা আঞ্চলিক সড়কের গোয়াতলা বেইলি ব্রিজ ভেঙে পড়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ প্রতিদিন যাতায়াতে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এই সড়কটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আমি ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী, সচিব, এলজিইডি’র প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে বিকল্প চলাচলের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে ব্রিজ পুনঃনির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর নিকট একটি ডিও পত্রও প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ভেঙে পড়া বেইলি ব্রিজটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
উল্লেখ্য, রোববার ভোররাতে বালুভর্তি ট্রাক নিয়ে বেইলি ব্রিজটি নদীতে ধসে পড়ে যায়। এ ঘটনায় জেলা শহরের সঙ্গে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। দুর্ভোগে রয়েছে ধোবাউড়া এবং আশেপাশের উপজেলার কয়েক লাখ মানুষ।
