মৌলভীবাজার জেলা শহরের কোর্ট রোড এলাকার খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠান ‘মিঠাই’কে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় ও সেবা প্রদানে অবহেলার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দীর্ঘদিন থেকে মিঠাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় ও সেবা প্রদানের ক্ষেত্রে অবহেলার। পরবর্তীতে তদন্ত করে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। তা ছাড়া, প্রতিষ্ঠানের ম্যানেজার ও এরিয়া ম্যানেজারের লিখিত স্বীকারোক্তি এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড সংঘটিত হবে না মর্মে লিখিত আশ্বাসের প্রেক্ষিতে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক মো. আল আমিন জানান, মিঠাই’র মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠানের কাছে এ রকম সেবা ভোক্তাদের কাম্য নয়। এ ছাড়াও তাদের বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ ছিল। ভবিষ্যতে এই রকম অবহেলা থাকলে প্রতিষ্ঠানটি সিলগালা করে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
