নাহিদ-রিশাদকে নিয়ে সতর্ক ইংলিস

নাহিদ-রিশাদকে নিয়ে সতর্ক ইংলিস

ফন্ট সাইজ:

তিন ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তুলনামূলক অনভিজ্ঞ ও তরুণদের নিয়ে গড়া এই দলের অধিনায়কের দায়িত্বে আছেন জশ ইংলিস। মিরপুরে প্রথম ওয়ানডের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে উইকেট, কন্ডিশন এবং বাংলাদেশ দল নিয়ে কথা বলার পাশাপাশি টাইগার বোলার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে বাড়তি সতর্কতার কথা জানান তিনি। নিউজিল্যান্ড ও পাকিস্তান দুই ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার নাহিদ রানাকে নিয়ে সর্তক অস্ট্রেলিয়া।

নাহিদ রানাকে নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক ইংলিস বলেন, ‘সে অনেক ভালো একজন বোলার, দারুণ এক্সাইটিং প্রসপেক্ট। সে বেশ লম্বা এবং অনেক জোরে বল করে। তাকে খেলাটা এই সিরিজে আমাদের জন্য বেশ কঠিন এক কাজ হতে যাচ্ছে।’ চলতি বছর অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ বিগ ব্যাশে খেলেছেন টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেনের হয়ে ১২ ম্যাচে তিনি ১৫ উইকেট নেন। এই রিশাদকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে সফরকারী অস্ট্রেলিয়া দল। এ ব্যাপারে ইংলিস বলেন, ‘সে অনেক ভালো একজন বোলার। বিগ ব্যাশে খেলেছে। আমাদের দলের ম্যাথু ওয়েড, নাথান এলিস তারা হোবার্টেই খেলেছে (রিশাদের সাথে)। আমরা অবশ্যই তার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করবো।’ দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে দিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া আজ থেকে শুরু হতে যাওয়া এ সিরিজ নিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান অধিনায়ক। তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে খুব বেশি একটা খেলি না, বিশেষ করে বাংলাদেশের মাটিতে। আমি প্রথমবার এলাম এখানে। দলের অন্য অনেক প্লেয়ারই প্রথমবার এসেছে। আমরা সবাই এই সিরিজ নিয়ে অনেক বেশি এক্সাইটেড।’ আইপিএলে নিয়মিত খেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এ কারণে কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত তারা। তবে উইকেট নিয়ে দলের মধ্যে যে চিন্তা রয়েছে তা আড়াল করেননি ইংলিস। তিনি বলেন, ‘ এখানের উইকেট (ভারতের চেয়ে) একেবারেই ভিন্ন।

(আইপিএলে) টি-টোয়েন্টি ক্রিকেট, (এখানে ওয়ানডে)। ফলে আমাদেরকে নিজেদের হোমওয়ার্কটা ভালোভাবে করতে হবে।’ নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ যে কঠিন প্রতিপক্ষ তা হাড়ে হাড়ে টের পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ,আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। তাই বাংলাদেশের সঙ্গে সিরিজকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ইংলিস। তিনি বলেন, ‘আসলে বাংলাদেশের সাথে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তারা অনেক অলরাউন্ডেড দল। হোম কন্ডিশনে তারা অবশ্যই অনেক ভালো দল। তবে আমরা মানসিকভাবে নিজেদের ওপর বিশ্বাস রাখছি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন