টাঙ্গাইলের সখিপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মুরগি বোঝাই পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সখিপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইলের লক্ষিন্দর এলাকার আফসার আলী মন্ডলের ছেলে জহিরুল ইসলাম (৪০)।
নিহতরা হলেন, পিকআপের চালক জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), হেলপার নওগাঁর পত্নীতলা এলাকার পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়ার এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলার সেলিমের ছেলে সুমন (২৬)।
স্থানীয়রা জানায়, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিলো। এসময় ঢাকাগামী মুরগি বোঝাই পিকআপটি ঘটনাস্থলে পৌঁছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের ৪জন নিহত হন। আহত হন ট্রাকের একজন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সখিপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
