গাজীপুরে বেতন বোনাসের শঙ্কায় লক্ষাধিক শ্রমিক

গাজীপুরে বেতন বোনাসের শঙ্কায় লক্ষাধিক শ্রমিক

ফন্ট সাইজ:

পোশাক শিল্প অধ্যুষিত গাজীপুরে পবিত্র ঈদুল আজহার আগে বেতন ও উৎসব বোনাস পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন লক্ষাধিক শ্রমিক। জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক কারখানায় এখনো বেতন-বোনাস পরিশোধ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ঈদ সামনে রেখে যখন ঘরে ফেরার প্রস্তুতি- তখন গাজীপুরের ভোগড়া, বোর্ডবাজার, টঙ্গী, কোনাবাড়ী, শ্রীপুর ও কালিয়াকৈরের অর্ধশতাধিক কারখানার শ্রমিকদের চোখে-মুখে অনিশ্চয়তা।

মাসের বেতন ও ঈদ বোনাস কবে মিলবে, আদৌ মিলবে কিনা? সেই প্রশ্নে উদ্বিগ্ন তারা। অনেকেই বলছেন, ঈদের আগে টাকা না পেলে গ্রামের বাড়ি যাওয়া, ঈদের প্রস্তুতি কিংবা পরিবারের জন্য কেনাকাটাও সম্ভব হবে না। শ্রমিকরা বলেছেন, তারা নিয়মিত কাজ করেছেন এখন বেতন-বোনাস নিয়ে পরিবার-পরিজন নিয়ে আনন্দে উৎসবে ঈদ করতে চান। শিল্প মালিকরা বলছেন, অনেক কারখানায় রপ্তানি আদেশ কমে যাওয়া, তেল, গ্যাস এবং আর্থিক সংকট রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার শিল্প উদ্যোক্তা ও বিজিএমইএ সদস্য মো. সালাউদ্দিন চৌধুরী সরকার ঈদ সামনে রেখে শিল্প মালিকদের পাশে এগিয়ে এসেছে। এখন সরকারের নির্দেশনা মেনে ব্যাংকগুলো অর্থের জোগান দিয়ে এগিয়ে আসলে আশা করছি, নিবন্ধিত কারখানার শ্রমিক ভাই-বোনেরা বেতন-বোনাস নিয়ে ঈদের আগে হাসিমুখে বাড়ি যেতে পারবেন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গাজীপুর শিল্প এলাকার ৫২টি কারখানার ১ লাখ ১৭ হাজার শ্রমিক ঈদ বোনাস নিয়ে ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁঁকিপূর্ণ ২৭টি। ঈদ সামনে রেখে শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছে শিল্প পুলিশ। অবশ্য এরা মাঝে বেশ কিছু কারখানায় উৎসব বোনাস পরিশোধ করা হবে।

যেসব কারখানায় বেতন-বোনাস নিয়ে সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বৈঠক করছে জেলা প্রশাসন। শ্রমিকদের পাওনা নিয়ে যাতে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়ে কাজ করছে পুলিশ বিভাগ। শ্রমিকদের ভাষায়, বছরের বড় উৎসবের আনন্দ নির্ভর করছে শুধুমাত্র বেতন-বোনাসের ওপর। সময় মতো ছুটিও চান তারা। ঈদের আগে তাদের বেতন-বোনাস পরিশোধকে কেন্দ্র করে প্রতি বছরই কিছুটা চাপ তৈরি হয় গাজীপুরে। সময়মতো বেতন-বোনাস না পেলে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন