নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার ঘটনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিমন্ত্রী সম্প্রতি বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া অনেকে নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত হন বলেও উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছে। এর মধ্যে ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জন রয়েছেন।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি করেছে।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সময়মতো অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান।
