বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ বিনির্মাণে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিক শিক্ষার অভাবে সামাজিক অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার অনুপস্থিত থাকায় সমাজ ক্রমেই পিছিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে ঢেলে সাজাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার পুরানা পল্টন কলেজের অফিস সহকারী মো. রইসুল আলমের মৃত্যুতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. হেলাল বলেন, কলেজ গভর্নিং সভাপতির দায়িত্বে থেকে আমি যদি অনৈতিক কাজ করি, তবে আমি কখনো তোমাদেরকে নৈতিক কাজের উপদেশ দিতে পারি না। একইভাবে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা যদি নৈতিক ও আদর্শিক না হয় তবে তাদের দ্বারা নৈতিক ও আদর্শিক সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মোস্তফা কামাল। আরও বক্তব্য দেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বীরেন চন্দ্রশীল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা প্রমুখ। এছাড়াও কলেজের শিক্ষার্থীরা রইসুল আলমের কর্মজীবনের চিত্র তুলে ধরে স্মৃতিচারণ করে।
