আসন্ন ঈদুল আজহায় সরকারের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এছাড়া পশুবাহী যানবাহনে যাত্রী বহন না করার বিষয়ে বলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সকল ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী মালিক সমিতিকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে পরিবহন মালিক সমিতি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে গত ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক “ঈদের আগের ৩দিন এবং পরবর্তী ৩দিন অর্থ্যাৎ ২৫ তারিখ হতে ৩১ তারিখ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে। তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুইপাশে পার্কিং করা যাবে না। উল্লেখ্য পশুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমুহ এর আওতামুক্ত থাকবে। পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চিঠিতে বলে হয়, এমতাবস্থায়, ঈদের আগের ৩ দিন ও পরবর্তী ৩ দিন যাতে আপনাদের সমিতিভূক্ত কোন ট্রাক, কাভার্ডভ্যান ও লরী মহাসড়কে চলাচল না করে এবং পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা না হয় সে ব্যাপারে কঠোর দৃষ্টি রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। চিঠির অনুলিপি দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, আইজিপি, বিআরটিএ চেয়ারম্যান ও হাইওয়ে পুলিশের প্রধানকে।
