অবশেষে আর্সেনালের দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটলো। ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোর দিনে ইংলিশ প্রিমিয়ার লীগের রাজত্ব ফিরে পেলো গানাররা। বোর্নমাউথের মাঠে সিটিজেনরা ১-১ গোলে ড্র করায় এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে লন্ডনের ক্লাবটির।
লীগের শেষ মুহূর্তে এসে বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে সিটির অপ্রত্যাশিত ড্র আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার গণিত চূড়ান্ত করে দেয়। বর্তমানে ৩৭ ম্যাচ শেষে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৮২, আর সমান ম্যাচে পেপ গার্দিওলার সিটির পয়েন্ট ৭৮। ৪ পয়েন্টের ব্যবধান থাকায় লীগের শেষ ম্যাচটি আর্সেনালের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি রূপ নিতে যাচ্ছে এক রাজকীয় বিজয়োৎসবে।
চলতি মৌসুমে গানারদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান তাদের সেট-পিস কৌশল। ইংলিশ ফুটবলের নতুন ‘সেট-পিস কিং’ আর্সেনাল এবার কর্নার থেকে রেকর্ড ১৮টি গোল করার অনন্য কীর্তি গড়েছে। লীগের শেষ ম্যাচের আগের ম্যাচে বার্নলির বিপক্ষে বুকায়ো সাকার দারুণ ইনসুইঙ্গার থেকে কাই হাভার্টজের বুলেট হেডারের সেই ১-০ গোলের জয়ই মূলত আর্সেনালের শিরোপার পথ মসৃণ করে দেয়।
এর আগে আর্সেনাল সবশেষ লীগ জেতে ২০০৩-০৪ মৌসুমে। আর্সেন ওয়েঙ্গারের অধীনে সেই অপরাজেয় ‘ইনভিন্সিবল’ কীর্তির পর আর ট্রফিতে হাত ছোঁয়াতে পারেনি তারা। গত তিন মৌসুম ধরে সিটি ও লিভারপুলের আধিপত্যের কাছে বারবার তীরে এসে তরী ডুবেছে তাদের। তবে সব হৃদয়ভাঙার গল্প পেছনে ফেলে আর্তেতার দূরদর্শী নেতৃত্বে এক নতুন সোনালী অধ্যায় লিখলো বুকায়ো সাকা-মার্টিন ওডেগার্ডরা।
