অস্ট্রেলিয়ায় বাংলাদেশির হাতে স্ত্রী ও দুই সন্তান খুন

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে ৪৬ বছর বয়সী স্ত্রী ও ১২ ও ৪ বছর বয়সী দুই ছেলে সন্তানকে হত্যার অভিযোগে মো: সমন নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ‍পুলিশ। গতকাল সোমবার রাতে সিডনির ক্যাম্পবেলটাউনের রেমন্ড এভিনিউয়ের নিজ বাড়িতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। স্ত্রী ও দুই ছেলে সন্তানকে হত্যার পর সমন নিজে পুলিশকে খবর দেয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ৪৭ বছর বয়সী সমনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি খুনের (পারিবারিক সহিংসতা) অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, পরিবারটি ১২ বছর আগে অস্ট্রেলিয়ায় আসে। পিতা সমন বাসায় দুই সন্তানকে দেখাশোনা করতেন। মা চাকরি করতেন । বড় ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন ছিল বলেও জানা যায়।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত প্রায় ৭ টা ৫০ মিনিটে ক্যাম্পবেলটাউনের একটি বাড়ি থেকে ফোন পেয়ে কর্মকর্তারা সেখানে পৌঁছান।  সেখান থেকে দুই শিশু ও এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মো: সমনকে গ্রেপ্তার করে ক্যাম্পবেলটাউন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।  স্টেট ক্রাইম কমান্ডের হোমিসাইড স্কোয়াডের সহায়তায় ক্যাম্পবেলটাউন সিটি পিএসি গোয়েন্দারা তদন্ত শুরু করেছে। মঙ্গলবার সকালে সমনের বিরুদ্ধে তিনটি খুনের (পারিবারিক সহিংসতা) অভিযোগ আনা হয়। এদিন ক্যাম্পবেলটাউন স্থানীয় আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পেরণ করে।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারিনটেনডেন্ট মাইকেল মোরোনি নিশ্চিত করেছেন যে, নিহতরা ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান। এই তিনজনের মৃত্যুর কারণ এখনও তদন্তাধীন রয়েছে। তারা কীভাবে মারা গেছেন সে সম্পর্কে আমি আপনাদের নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারব না। তবে আমি এটুকু বলতে পারি যে, তিনজনই গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং ঘটনাস্থলটি ছিল অত্যন্ত সহিংস।

মোরোনি  আরও বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া বেশ কিছু জিনিস আহত ব্যক্তিদের আঘাতের বিষয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। এই ব্যক্তির সাথে আগে কোনো যোগাযোগের বিষয়ে আমরা অবগত নই এবং পুলিশকে পূর্বে জানানো কোনো পারিবারিক সহিংসতার ঘটনার বিষয়ও আমাদের জানা নেই। তবে আমি জনসাধারণকে আশ্বস্ত করতে পারি যে, নিউ সাউথ ওয়েলস পুলিশের কাছে পারিবারিক সহিংসতা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং আমরা পারিবারিক সহিংসতার অপরাধীদের অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন