নজিরবিহীন এক নাটকীয়তার পর অবশেষে নির্ধারিত হলো ফেডারেশন কাপ ফাইনালের ভাগ্য। পূর্বনির্ধারিত ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হচ্ছে ফাইনাল। তবে ম্যাচটি আজকের বদলে একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল সাড়ে ৫টায়।
আজ দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করলেও, নেপথ্যের মূল কারণ ভেন্যু নিয়ে দুই ক্লাবের দীর্ঘ টানাপোড়েন। এর আগে কিংসের হোম ভেন্যুতে ফাইনাল খেলতে আপত্তি জানিয়ে বাফুফেকে চিঠি দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের মধ্যস্থতায় বৈঠক হলেও মোহামেডান তাদের দাবিতে অনড় থাকে। বাফুফের এমন সিদ্ধান্তহীনতায় ক্ষুব্ধ হয়ে ফাইনালের মাত্র ঘণ্টা পাঁচেক আগে বাফুফেকে এক কড়া চিঠি পাঠায় বসুন্ধরা কিংস। বাফুফের অবস্থানকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে কিংস ম্যাচটি বাতিল করার এবং ট্রফি মোহামেডানকে দিয়ে দেয়ার অনুরোধ জানায়।
জরুরি সভা শেষে ফাইনালের মাত্র চার ঘণ্টা আগে কিংস অ্যারেনাতেই ম্যাচ আয়োজনের চূড়ান্ত ঘোষণা দেয় বাফুফে।
