মৌসুম শেষেই ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা

মৌসুম শেষেই ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা

ফন্ট সাইজ:

ইংলিশ ফুটবলে আরেকটি সোনালী যুগের অবসান ঘটতে যাচ্ছে। ইত্তিহাদ স্টেডিয়ামের ডাগআউটে সেই চিরচেনা অস্থির পায়চারি কিংবা টাক মাথায় হাত বুলিয়ে আফসোস করার দৃশ্য হয়তো আর দেখা যাবে না। চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বিষয়টি দাবি করা হয়েছে।

সিটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে গার্দিওলার। তবে এক বছর আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সিটি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি। আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে সিটিজেনদের ডাগআউটে ৫৫ বছর বয়সী গার্দিওলার শেষ ম্যাচ। ২০১৬ সালে ম্যানচেস্টারে পা রাখার পর গত এক দশকে ইংলিশ ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন সাবেক বার্সেলোনা কোচ। তার অধীনে সিটির ট্রফি ক্যাবিনেটে যোগ হয়েছে টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লীগ শিরোপা। ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লীগ ট্রফিসহ ২০টি মহামূল্যবান শিরোপা এসেছে গার্দিওলার হাত ধরেই। গত শনিবারও চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতেছে তার দল। হয়তো এটিই সিটিজেনদের হয়ে গার্দিওলার শেষ শিরোপা হয়ে থাকলো।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে স্পনসর পার্টনারদের এই বিদায়ের বার্তা জানিয়ে দিয়েছে। প্রিয় কোচকে রাজকীয় বিদায় জানাতে আগামী সোমবার ম্যানচেস্টারের রাস্তায় একটি বিশেষ ছাদখোলা বাস প্যারেডের পরিকল্পনা করা হয়েছে। নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হয়ে এই প্যারেড শেষ হবে ইত্তিহাদ স্টেডিয়ামের সামনে।
শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে গার্দিওলার শূন্যস্থান কে পূরণ করবেন, তা নিয়ে এখনই শুরু হয়েছে জল্পনা। উত্তরসূরি হিসেবে সবচেয়ে বড় নাম চেলসির সাবেক কোচ ও গার্দিওলার সাবেক সহকারী এনজো মারেসকা। এছাড়া বায়ার্ন মিউনিখের বর্তমান বস এবং সিটির কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানির নামও শোনা যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন