নেইমারকে নিয়েই হেক্সা মিশনে যাচ্ছে ব্রাজিল

নেইমারকে নিয়েই হেক্সা মিশনে যাচ্ছে ব্রাজিল

ফন্ট সাইজ:

বিশ্বকাপের পর্দা ওঠার সপ্তাহখানেক আগে দলমত নির্বিশেষে ফুটবল ভক্তদের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল, অবশেষে তার সমাপ্তি ঘটলো। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেইমার জুনিয়রকে নিয়েই উত্তর আমেরিকা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে এক জমকালো অনুষ্ঠানে ২৬ সদস্যের দল ঘোষণা করেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।

চোট, অস্ত্রোপচার ও ফর্মহীনতার দীর্ঘ আড়াই বছরের অধ্যায় পেরিয়ে নেইমারের নাম উচ্চারিত হতেই যেন আনন্দের সুনামি বয়ে যায় পুরো ভেন্যু জুড়ে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার (১২৮ ম্যাচে ৭৯ গোল)। সৌদি আরবের আল হিলালে চোটজর্জর অধ্যায় চুকিয়ে গত জানুয়ারিতে ব্রাজিলিয়ান মহাতারকা ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে। চেনা আঙিনায় নিজেকে নতুন করে প্রমাণ করেই মূলত আনচেলোত্তির সবুজ সংকেত আদায় করলেন তিনি।

জনপ্রিয়তা কিংবা আবেগের বশে নয়, অভিজ্ঞতার কারণেই নেইমারকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেন ইতালিয়ান অভিজ্ঞ কোচ আনচেলোত্তি। দল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ বলেন, ‘সে তার ফিটনেস উন্নত করেছে। এই বিশ্বকাপে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্যন্ত সে ফিটনেসে আরও উন্নতি করতে পারে। এই ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে। আমাদের দলের ভালোবাসা আছে তার প্রতি।’

দল নির্বাচন কতটা কঠিন ছিল, তা উল্লেখ করে আনচেলোত্তি আরও বলেন, ‘২৬ জন ফুটবলার বাছাই করা খুব কঠিন ছিল। কারণ, এই দেশে (স্কোয়াডে) জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। আমি জানি এটি নিখুঁত তালিকা নয়, তবে নিখুঁত দল বলে কিছু হয় না। আমরা বিশ্বাস করি, এই দলটি জাতীয় দলের হয়ে মানসম্মত ফুটবল খেলতে সক্ষম।’

চোটের কারণে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দল থেকে ছিটকে গেছেন এদের মিলিতাও ও রদ্রিগোর মতো বড় তারকারা। আক্রমণভাগে নেইমারের সঙ্গী হচ্ছেন তরুণ তুর্কি এনড্রিক, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহারা।

আগামী ১৩ই জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন হেক্সা বা ষষ্ঠ শিরোপা জয়ের মিশন শুরু করবে সেলেসাওরা। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড:

গোলকিপার: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও)।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস (নিউক্যাসেল ইউনাইটেড), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনহো (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড: এনড্রিক (লিও), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত), মাথেউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার জুনিয়র (সান্তোস), রাফিনহা (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন