প্রতিবছরের ন্যায় এবারো ক্রীড়াবিদদের বর্ষসেরা পুরস্কার প্রদান করবে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)। আগামী শুক্রবার রাজধানীর একটি স্বনামধন্য হোটেলে এ পুরস্কার প্রদান করা হবে। এবারের কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই তারকা ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা। তাদের সঙ্গে বর্ষসেরা দৌড়ে রয়েছেন জুনিয়র হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম।
গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক ও খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আহমদ আনন্দ ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)। এই বিভাগে অনলাইনে চলছে ভোটিং। যা চলবে ২১ মে মধ্যরাত পর্যন্ত। দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা
বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা।
বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।
বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।
বর্ষসেরা আরচার: আব্দুর রহমান আলিফ।
বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।
বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার।
উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)
বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)।
সেরা আম্পায়ার: সেলিম লাকী।
সেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
তৃনমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।
বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা।
সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি।
সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)।
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), আমিরুল ইসলাম (হকি)।

not interested
২১ দিন আগেIt should be Rituparna.....why Hamza just playing only 4/5 matches?