বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগমুহূর্তে অদ্ভুত এক ‘বদলি’ নাটকের অভিজ্ঞতা হলো নেইমার জুনিয়রের। রোববার রাতে ব্রাজিলিয়ান লীগে কোরিতিবার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে এই নজিরবিহীন ঘটনা ঘটে। গতকাল দুইটায় ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে এমন ঘটনা ফুটবল বিশ্বে বেশ শোরগোল ফেলে দিয়েছে।
ম্যাচের ৬৫তম মিনিটে চোটের চিকিৎসা নিতে নেইমার যখন সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন, ঠিক তখনই চতুর্থ অফিশিয়াল বদলির বোর্ডে ১০ নম্বর (নেইমারের জার্সি) প্রদর্শন করেন। তার পরিবর্তে মাঠে নামানো হয় রবিনহো জুনিয়রকে। অথচ সান্তোসের পরিকল্পনা ছিল গনসালো এস্কোবারকে তুলে নেয়ার। এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে ক্ষোভ ধরে রাখতে পারেননি নেইমার। রেফারি বা লাইনসম্যানের অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়ায় হলুদ কার্ড দেখতে হয় সেলেসাও মহাতারকাকে। এরপর ক্ষুব্ধ নেইমার কর্মকর্তাদের কাছ থেকে বদলির কাগজ ছিনিয়ে নিয়ে সরাসরি টেলিভিশন ক্যামেরার সামনে প্রদর্শন করেন, যেখানে স্পষ্ট ছিল যে ভুলটি কর্মকর্তাদের। শেষ পর্যন্ত বাধ্য হয়েই মাঠ ছাড়েন তিনি।
এ ঘটনায় একটি বিবৃতিতে সান্তোস বলে, ‘চতুর্থ কর্মকর্তা বদলির ক্ষেত্রে এই অবিশ্বাস্য ভুলটি করেছেন, যা টেলিভিশন ফুটেজেও পরিষ্কার। অথচ এটি আর সংশোধন করা হয়নি।’ তবে ম্যাচ রেফারির প্রতিবেদনে দাবি করা হয়, ভুলটি সান্তোসের সহকারী কোচ সিজার সাম্পাইওয়ের মৌখিক নির্দেশের কারণেই তৈরি হয়েছিল।
এই নাটকের পাশাপাশি যোগ হয়েছে নেইমারের নতুন চোটের শঙ্কা। সান্তোস কোচ কুকা জানান, পায়ে আঘাত পাওয়ায় আগামী বুধবার কোপা সুদামেরিকানার ম্যাচে নেইমারের খেলা অনিশ্চিত। তবে এটি গুরুতর কিছু নয়। তিনি আশ্বস্ত করেছেন যে, ৪-৫ দিনের মধ্যে নেইমার ঠিক হয়ে যাবেন।
আগামী ১১ই জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে জাতীয় দলের বাইরে নেইমার।
