আল্ট্রাসদের তাণ্ডবে পরিত্যক্ত ফরাসি লীগের ম্যাচ

আল্ট্রাসদের তাণ্ডবে পরিত্যক্ত ফরাসি লীগের ম্যাচ

ফন্ট সাইজ:

নজিরবিহীন এক বিশৃঙ্খলার সাক্ষী হলো ফরাসি ফুটবলের শীর্ষ স্তর। লীগ ওয়ান থেকে অবনমন বা রেলেগেশনের আগুনে পুড়ছে নতে। আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল মাঠের সবুজ ঘাসে। তুলুজের বিপক্ষে নতের ঘরের মাঠের ম্যাচটি স্রেফ ২২ মিনিট খেলার পরই পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন রেফারি।

চলতি মৌসুমে ৩৩টির মধ্যে মাত্র ৫ ম্যাচে জয় পাওয়া নতের অবনমন নিশ্চিত হয় আগেই। রোববার স্তাদ দে লা বোজোয়ারে ম্যাচের বয়স যখন ২২ মিনিট, তখন গ্যালারি থেকে স্টেডিয়ামের নিরাপত্তা বলয় ভেঙে হুড পরা আল্ট্রাস বা উগ্র সমর্থকরা মাঠে ঢুকে পড়ে। তারা চারিদিকে স্মোক ফ্লেয়ার ছুঁড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত খেলোয়াড়দের টানেলে পাঠিয়ে দেন। পুলিশ মাঠে নেমে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ৪০ মিনিট স্থগিত রাখার পর ম্যাচটি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি স্টেফানি ফ্রাপার্ট। তিনি জানান, নিরাপত্তাজনিত কারণেই ম্যাচটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘কোচ ভাহিদের বিদায়ী ম্যাচ এবং নিজেদের আত্মসম্মানের স্বার্থে ইয়েলো অ্যান্ড গ্রিন্সরা (নতে) আজ রাতে বোজোয়ার স্টেডিয়ামে তুলুজ এফসির বিপক্ষে জয় দিয়ে মৌসুম শেষ করতে চেয়েছিল।’

এদিকে, ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। এক্স-এ তিনি লেখেন, ‘এই ম্যাচটি নিশ্চিতভাবে বন্ধ করার সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল। এমন সহিংসতা কোনোভাবেই মেনে নেয়া হবে না। আমি আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপের প্রশংসা করছি। দোষীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন