রিয়াল বেটিসের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর সতীর্থ রবার্ট লেভানদোভস্কিকে শ্রদ্ধা জানালেন বার্সেলোনা তারকা রাফিনহা। লা লিগায় রোববারের ম্যাচটি ছিল কাতালানদের জার্সি গায়ে ন্যু ক্যাম্পে পোলিশ স্ট্রাইকারের শেষ ম্যাচ। বিদায়লগ্নে তার প্রতি যারপরনাই কৃতজ্ঞতা প্রকাশ করলেন ম্যাচের জোড়া গোলের নায়ক রাফিনহা। সেইসঙ্গে, লীগে ঘরের মাঠে ১৯ ম্যাচের ১৯টিতেই জিতে শতভাগ জয়যাত্রাও অক্ষুণ্ণ রাখলো টানা দু’বারের শিরোপাজয়ীরা।
লেভার অবদানকে স্মরণ করে আবেগঘন কণ্ঠে রাফিনহা বলেন, ‘এই ক্লাবে যোগ দেয়ার পর থেকে লেভি তার অক্লান্ত পরিশ্রম, গোলক্ষুধা, ব্যক্তিত্ব ও অভিজ্ঞতা দিয়ে আমাদের দুহাত ভরে দিয়েছেন। আজ তার এই বিদায়লগ্নে আমাদের পক্ষ থেকে এটিই ছিল ক্ষুদ্রতম শ্রদ্ধার্ঘ্য।’ ম্যাচে লেভানদোভস্কির গোল না পাওয়া নিয়ে রাফিনহা কিছুটা আক্ষেপ করলেও সতীর্থের প্রতি ভালোবাসায় কোনো কমতি রাখেননি। তিনি বলেন, ‘আমরা মনেপ্রাণে চেয়েছিলাম যে আজ ও গোল করুক। তবে (গোল না পেলেও) তাতে কিছু যায় আসে না। দিনশেষে তার প্রতি আমাদের গভীর ভালোবাসাই শেষ কথা। তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পেরে আমরা কৃতজ্ঞ।’
চলতি মৌসুমে বেশ কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকলেও, লেভার পেশাদারিত্বের প্রশংসা করে রাফিনহা বলেন করেন, ‘মিনিটের পর মিনিট মাঠের বাইরে বসে থেকেও ও আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থেকেছে। প্রথম দিন থেকে আজ অবধি ও একই রকম পরিশ্রমী রয়ে গেছে। দলে তার মতো একজনকে পাওয়া ভাগ্যের ব্যাপার।’
ম্যাচে ৩৭ বছর বয়সী লেভার হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেয়ার পেছনের গল্পটাও শোনান রাফিনহা। তিনি বলেন, ‘সত্যি বলতে, সকালে আমি, রোনাল্ড (আরাউহো) ও পেদ্রি মিলে সিদ্ধান্ত নিই যে, ওর বিদায়বেলায় এই সম্মানটুকু জানানো আমাদের কর্তব্য ছিল। ড্রেসিংরুমের অন্যতম সেনাপতি ও, আর ওর এই বিশেষ মুহূর্তের অংশ হতে পারাটা আমাদের জন্য পরম গৌরবের।’
বেটিসের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে চলতি মৌসুমে ঘরের মাঠে শতভাগ জয়ের এক অনন্য কীর্তি গড়ে কাতালানরা। ঘরের মাঠের এই অবিশ্বাস্য সাফল্য আগামী মৌসুমেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে রাফিনহা বলেন, ‘এটি এককথায় জাদুকরী! এই ক্লাবের হয়ে আমরা সবসময় প্রতিটা ম্যাচ জিততে চাই। নিজেদের চেনা আঙিনায়, ঘরের দর্শকদের সামনে মৌসুমের সবগুলো ম্যাচ জিতে শেষ করাটা সত্যিই অবিশ্বাস্য। আশা করি, আগামী মৌসুমেও আমরা এই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবো।’
