চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি নগরের টাইগারপাস এলাকায় জুলাই গ্রাফিতি মুছাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি-এর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। চসিক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের নির্দেশে এই গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির নেতাকর্মীরা। তবে ডা. শাহাদাত হোসেন অভিযোগটি অস্বীকার করেছেন।
সিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত এলাকায় কোনো ধরনের জনসমাবেশ, মিছিল-মিটিং কিংবা অনুরূপ কর্মসূচি পালন করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
