গোল-অ্যাসিস্টে মায়ামির ‘অভিশাপ’ মোচন মেসির

গোল-অ্যাসিস্টে মায়ামির ‘অভিশাপ’ মোচন মেসির

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। ঠিক এই সময়ে নিজের চেনা ছন্দে ফেরার জোর বার্তা দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার গোল ও অ্যাসিস্টের জাদুতে মেজর লীগ সকারে (এমএলএস) পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারালো ইন্টার মায়ামি।

এ জয়ে নিজেদের নতুন ঘরের মাঠ নু স্টেডিয়ামে নিজেদের জয়হীন থাকার অভিশাপও কাটালো ফ্লোরিডার ক্লাবটি।

বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই পোর্টল্যান্ডের রক্ষণভাগকে তটস্থ করে রাখেন ৩৮ বছর বয়সী মেসি। গত মাসে উদ্বোধন হওয়া ২৭ হাজার আসনের এই মাঠে আগের চার ম্যাচের একটিতেও জিততে পারেনি মায়ামি (তিন ড্র ও এক হার)। অবশেষে পঞ্চম ম্যাচে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেলো তারা। ম্যাচের শুরু থেকেই মায়ামির আক্রমণভাগের সামনে দেয়াল হয়ে দাঁড়ান পোর্টল্যান্ডের কানাডিয়ান গোলকিপার জেমস প্যান্টেমিস। ম্যাচের চতুর্থ মিনিটে মেসির শট এবং পরে লুইস সুয়ারেজের প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় নসাৎ করেন তিনি। তবে ম্যাচের ৩১তম মিনিটে আর পারেননি। ডি-বক্সের ঠিক বাইরে সুয়ারেজের পাস থেকে বল পান তেলাস্কো সেগোভিয়া। তার দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে মাপা শটে মায়ামিকে এগিয়ে নেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৯১০তম গোল।
এর ঠিক দশ মিনিট পর আরেকবার দেখা মেলে মেসি ম্যাজিকের।

বার্সেলোনার সোনালী দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দিয়ে সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন মেসি। পোর্টল্যান্ডের চারজন ডিফেন্ডার তাকে ঘিরে ধরলেও, অবিশ্বাস্য ড্রিবলিংয়ে তাদের ছিটকে দিয়ে বল বাড়িয়ে দেন হার্মকন বের্তারেমকে। ফাঁকায় থাকা এই ফরোয়ার্ড জাল খুঁজে নিতে ভুল করেননি।

এদিনের জয়ে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থান ধরে রাখলো ইন্টার মায়ামি। চলতি মৌসুমে এমএলএসে ১৩ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়ালো ১২টিতে, অ্যাসিস্ট ৬টি। এক গোল বেশি করে তালিকার চূড়ায় শিকাগো ফায়ারের বেলজিয়ান তারকা হেগো কিপার্স।
আগামী ১১ই জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বসবে বিশ্বকাপ আসর। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ৫৫ জনের প্রাথমিক দলে আছেন মেসি। তবে এখন পর্যন্ত আর্জেন্টাইন জাদুকরের বিশ্বকাপে খেলা নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন