যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে অবস্থিত মাউন্টেইন হোম এয়ার ফোর্স বেইসে অনুষ্ঠিত এক এয়ার শো চলাকালে রোববার মাঝআকাশে নৌবাহিনীর দুইটি জেট বিমানের সংঘর্ষ হয়েছে। তবে দুই বিমানের চারজন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ডভিত্তিক ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ১২৯-এর দুইটি ইউএস নেভি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান এ ঘটনার শিকার হয়। এতে বিমান দুটি বিধ্বস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইউএস প্যাসিফিক ফ্লিটের নেভাল এয়ার ফোর্সেসের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম।
এক বিবৃতিতে তিনি বলেন, বিমান দুটি আকাশে কসরত প্রদর্শনের সময় একটির সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। তবে উভয় বিমানের চারজন ক্রুই নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ওই বিমান ঘাঁটির কর্মকর্তারা জানিয়েছেন, ক্রু সদস্যদের অবস্থা স্থিতিশীল।
এয়ার শো আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান সিলভার উইংস অব আইডাহো-এর মার্কেটিং পরিচালক কিম সাইকস বলেন, সামরিক ঘাঁটির ভেতরে কেউ আহত হয়নি। তিনি বলেন, সবাই নিরাপদ আছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ঘটনার পরপরই ঘাঁটিটি লকডাউন করা হয় বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে কর্তৃপক্ষ। এয়ার শোর বাকি অংশ বাতিল করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমান দুটি ভূমির দিকে পতিত হওয়ার সময় আকাশে চারটি প্যারাশুট খুলে যায়। ঘটনাস্থলটি ছিল বোইসি শহর থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত ঘাঁটির কাছে। ইএ-১৮জি গ্রাউলার হলো এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানের একটি সংস্করণ, যাতে অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা রয়েছে।
প্রত্যক্ষদর্শী শেন ওগডেন জানান, তিনি দুইটি জেটের ভিডিও ধারণ করছিলেন। তার ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমান দুটি একপর্যায়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে একসঙ্গে ঘূর্ণায়মান অবস্থায় নিচে নামতে থাকে। এ সময় ক্রুরা বেরিয়ে আসেন। তাদের প্যারাশুট খুলে যায়। পরে বিমান দুটি একসঙ্গে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
