বাবার সাইকেল মেরামতের দোকান। সেখানে সারাদিন টুংটাং শব্দ। এই শব্দের মাঝেই বড় হয়েছে ছেলেটি। তার পায়েই এখন নতুন স্বপ্ন। পুরো বরিশালের ফুটবলপ্রেমীরা তাকে নিয়ে আশাবাদী। ছেলেটির নাম দেব মন্ডল। উজিরপুরের নবম শ্রেণীর ছাত্র সে। অভাবের সংসার তাদের। নেই কোনো নামী একাডেমি। পেশাদার কোচের অধীনে অনুশীলনের সুযোগও মেলেনি। তবুও স্রেফ অদম্য ইচ্ছায় সে এগিয়ে যাচ্ছে। নিজের সহজাত প্রতিভা দিয়ে মাতাচ্ছে মাঠ। চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ টুর্নামেন্টের সে এখন বড় তারকা।
দেব সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের শিক্ষার্থী। তার ফুটবল প্রতিভা এখন বরিশালের মূল আলোচনার বিষয়। এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে উজিরপুর উপজেলার হয়ে মাঠ কাঁপায় দেব। উপজেলা পর্যায়ে দুর্দান্ত খেলে ২টি গোল করে সে। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এই পারফরম্যান্সের সুবাদে সরাসরি জায়গা পায় বরিশাল জেলা কিশোর দলে। জেলা দলে সুযোগ পেয়েই চমক দেখায় এই তরুণ স্ট্রাইকার। বরিশাল আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী ম্যাচ ছিল সেটি। প্রতিপক্ষ পিরোজপুর জেলা দল। পিরোজপুরের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় দেব। তার জাদুকরী হ্যাটট্রিকে বরিশাল ৩-১ গোলে জয় পায়। নিশ্চিত হয় সেমিফাইনালের টিকিট।
এই অবিশ্বাস্য পারফরম্যান্সের রেশ না কাটতেই সেমিফাইনালেও দারুণ করেন দেব। পটুয়াখালী জেলাকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচ একটি গোল করেন।
মিন্টু চন্দ্র মন্ডল ও জোছনা চন্দ্র মন্ডলের সন্তান দেব। তার এই উঠে আসার গল্প সহজ ছিল না। কোনো প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোচিং ছাড়াই সে খেলছে। উজিরপুরের চেনা মাঠগুলোতে কঠোর পরিশ্রম করেছে সে। তাতেই আজ এই পর্যায়ে আসা। দেশের ফুটবলে দেবের অনুপ্রেরণা জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ রাকিব হোসেন। আর বিশ্বমঞ্চে সে বুঁদ হয়ে থাকে লিওনেল মেসির পায়ের জাদুতে।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬
সাইকেল গ্যারেজ থেকে ফুটবলের বিস্ময় দেব মন্ডল
স্পোর্টস রিপোর্টার
খেলা
২৩ দিন আগে
১৭ মে (রবিবার), ২০২৬, ৮ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
