অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ১৩ ফুট দৈর্ঘ্যের গ্রেট হোয়াইট হাঙরের আক্রমণে ৩৮ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে পার্থ শহরের কাছাকাছি জনপ্রিয় রটনেস্ট আইল্যান্ডের উত্তর-পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পানিতে থাকা অবস্থায় ওই ব্যক্তি হাঙরের আক্রমণের শিকার হন। ঘটনাস্থল থেকে নৌকায় করে তাকে দ্রুত জেটিতে আনা হয়।
সেখানে প্যারামেডিক ও পুলিশ সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। পশ্চিম অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট জানিয়েছে, তারা নিশ্চিত হয়েছে যে আক্রান্ত ব্যক্তি বৃহৎ সাদা হাঙরের আক্রমণের শিকার হয়েছেন। সংস্থাটি এলাকাটির পানিতে থাকা মানুষদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
অস্ট্রেলিয়ান সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১৭৯১ সাল থেকে অস্ট্রেলিয়ায় প্রায় ১ হাজার ৩০০টি হাঙর আক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৬০টিরও বেশি ঘটনায় মানুষ প্রাণ হারিয়েছেন।
